কয়েক বছর ধরেই ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একটার পর একটা সিরিজ চলছেই। তার সঙ্গে চলে ঘরোয়া লিগগুলোও। তবে এগুলো সম্প্রচার নিয়ে বেশ বেগ পেতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। দেশের টিভিগুলো দেশে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের খেলাগুলোই সম্প্রচার করে। অ্যাওয়ে ম্যাচগুলো দেখায় না। সবশেষ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি সম্প্রচার করেনি কোনো টিভি চ্যানেল। সে সময়ই ক্ষুব্ধ হয়ে নিজেদের টিভি চ্যানেল চালুর কথা বলেছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। অবশেষে টিভি চ্যানেল তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
গতকাল সোমবার (১২ জুন) ছিল বিসিবির অষ্টম বোর্ড মিটিং। বিসিবি কার্যলয়ে দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বোর্ড মিটিং চলেছে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় তিনি জানান মিটিংয়ে হওয়া বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে। এ সময় জানা যায়, শুধু টিভি নিয়েই নয়, সভায় আরো বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরুর সময়ও নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে খেলার জন্য বেশ কিছু মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটের খেলা দেখানোর ক্ষেত্রেও কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায় না। এ কারণে বাধ্য হয়ে নিজেরাই টিভি প্রতিষ্ঠান বাস্তবায়ন করতে চায় বিসিবি। টিভি চ্যানেলের জন্য আবেদন করা হবে বলে জানালেন পাপন। তিনি বলেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। তারা শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায়; আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। তাই আমরা বিসিবির নিজস্ব টিভির জন্য আবেদন করব। ইনশা আল্লাহ আমরা পেয়ে যাব। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক না, আমাদের টিভি থাকলে দেশীয় খেলাও দেখাতে পারব।’
এদিকে গতকালের সভায় নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বিসিবি সভাপতি। বর্তমানে নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ২৫ জন ক্রিকেটার। নতুন করে বেতন বাড়ানোয় সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন আগে যারা ৮০ হাজার টাকা পেতেন তারা। এছাড়া যাদের বেতন ৩৫ হাজার ছিল, তাদের বেতন বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। এছাড়া বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে।