বিসিসি নির্বাচন: ২৯ বছর পর জাপা নেতার রাজত্বের অবসান

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ২নম্বর ওয়ার্ডের এক ‘ডামি’ কাউন্সিলর প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ২৯ বছর জনপ্রতিনিধিত্ব করা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক অ্যাডভোকেট একে এম মর্তুজা আবেদীন।

সোমবার (১২ জুন) রাতে রিটার্নিং অফিসার নির্বাচিতদের ফলাফল ঘোষণা করলে এ তথ্য জানা যায়।

সোমবারের বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের আরিফুর রহমান মুন্নার কাছে তিনি হেরে জানান। আর এর মধ্য দিয়ে জাপা প্রার্থী একে এম মর্তুজা আবেদীনের ২৯ বছরের রাজত্বের অবসান ঘটলো।

মর্তুজা আবেদীন ১৯৯৫ সালে তৎকালীন পৌরসভা নির্বাচনে ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। এরপর ২০০৩ সালে সিটি করপোরেশনে উন্নীত হলে একই ওয়ার্ডে থেকে টানা চার বার কাউন্সিলর নির্বাচিত হন। সে হিসাবে তিনি ২নম্বর ওয়ার্ডে ২৯ বছর ধরে কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন তিনি।

নব নির্বাচিত মুন্নার ছোট ভাই রইজ আহমেদ মান্না মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি মেয়র সাদেকপন্থী ছাত্রলীগ নেতা। নৌকার কর্মীদের মারধরের অভিযোগে গত ১৫ মে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মান্নার মনোনয়ন প্রথমে বাছাইয়ে বাতিল হয়। পরে আদালতে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। নির্বাচন কমিশনের করা আপিলে বৃহস্পতিবার (৮ জুন) সুপ্রিম কোর্টের চেম্বার আদালত মান্নার মনোনয়নপত্র পুনরায় বাতিল করেন।

এদিকে আগে থেকেই মান্নার ‘ডামি’ প্রার্থী ছিলেন বড় ভাই মুন্না। ভোটের তিনদিন আগে মান্নার মনোনয়ন বাতিল হলে মুন্নাকে নিয়ে মাঠে নামেন তার মান্নার সমর্থকরা।