উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপত্র গ্রহণ করলেন আরাফাত

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র গ্রহণ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীতে ধানমন্ডিস্থ ৩/এ সড়কে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে ঢাকা-১৭ উপ-নির্বাচনের দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি। 

WhatsApp Image 2023-06-13 at 21.16.40

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ২২ জন। এর মধ্যে আওয়ামী লীগের নিজ দলের নেতা ছাড়াও ব্যবসায়ী এবং চলচ্চিত্র জগতের ব্যক্তিরাও ছিলেন।

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মৃত্যুর পরে এই আসনটি শূন্য হয়। পরে গত ১ জুন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। এর আগে ৬ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন সবাই।