মধ্যরাতে আড়িয়াল খাঁ নদে অভিযান, ড্রেজার-বলগেট জব্দ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু তোলা ঠেকাতে মধ্যরাতে অভিযান চালানো হয়েছে। এ সময় ৮টি ড্রেজার ও দুটি বলগেট জব্দ করা হয়। এ সময় অবৈধ বালু ব্যবসায়ী ফরিদ হাওলাদারকে (৪০) এক মাসের কারাদণ্ড ও মো. বাদল ব্যাপারীকে (৫০) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের ছিলারচর, ধুরাইল ও শিরখাড়া ইউনিয়ন বিভিন্ন অংশে এ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন।

ইউএনও বলেন, আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু তোলার অপরাধে একজনকে ১ মাসের কারাদণ্ড ও অন্যজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আমরা ৮টি ড্রেজার ও দুটি বলগেট জব্দ করেছি। অভিযানকালে পালিয়ে যাওয়া তিন ড্রেজার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। নদে ড্রেজার বন্ধ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে, মঙ্গলবার রাতে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার নেতৃত্বে কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন, বলগেট নৌকাসহ ২ জনকে আটক করা হয়।

পিংকি সাহা বলেন, এর আগেও অভিযান চালিয়ে ড্রেজার জব্দ ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কারিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাতের আঁধারে কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীতে কয়েকজন প্রভাবশালী বালুদস্যু প্রতিনিয়ত অবৈধভাবে ড্রেজার ও বলগেট ম্যাশিন বসিয়ে কোটি কোটি ঘনফুট বালু তুলছে। এতে ভাঙনের কবলে পড়েছে কয়ারিয়া, সাহেবরামপুর, রমজানপুর, সিডিখান, শিকারমঙ্গল, বাশগাড়ি, পূর্ব এনায়েতনগড়, এনায়েতনগড়, আলিনগড় ইউনিয়নের হাজার হাজার মানুষের বাবা-দাদার ভিটেবাড়ি ও ফসলি জমি।