বাদল দিনে মিথের আয়োজন

তপ্ত গ্রীষ্মকে বিদায় দিয়ে স্নিগ্ধ বর্ষা এসেছে ধরণীতে। আষাঢ় ও শ্রাবণের দুটি মাস এ দেশের মানুষের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে। ঘর থেকে বাইরে পা ফেলার আগে করে নিতে হয় পোশাক পরিকল্পনা। কেননা যেকোনো সময় আকাশ কালো করে মেঘ এসে বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে যাবে আপনাকে।

বর্ষার এ সময়টিকে সামনে রেখে দেশি ফ্যাশন ব্র্যান্ড মিথ তৈরি করেছে তাদের বর্ষা সংগ্রহ। প্রাধান্য দেওয়া হয়েছে এ সময়ের আবহাওয়া। এমনটাই জানালেন ব্র্যান্ড মিথের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ রহমান। তিনি বলেন, ‘বর্ষার এ সময়ে পোশাকের নকশা করার ক্ষেত্রে আমরা আবহাওয়াকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করেছি। ফেব্রিক, প্যাটার্ন, রং, অলংকরণ—সব ক্ষেত্রেই আবহাওয়াকে রাখা হয়েছে বিবেচনায়। পোশাক তৈরিতে সিল্ক ও জর্জেট ফেব্রিক ব্যবহার করা হয়েছে। এ দুটি ফেব্রিক তেমনভাবে পানি শোষণ করে না। যেহেতু যেকোনো সময়ে বৃষ্টি এসে যেতে পারে, তাই এ ধরনের পোশাক বেছে নিতে পারেন নিশ্চিন্তে। এছাড়াও ব্যবহার করা হয়েছে হালকা বুননের কটন, লিলেন, টু টোন কটন, ডাবল জর্জেট ও তসর স্লিকের ব্যবহার।’  প্যাটার্নের ক্ষেত্রে এবার চিরায়ত প্যাটার্নকে দেওয়া হয়েছে প্রাধান্য। এর সঙ্গে সঙ্গে রয়েছে ফিউশনের ব্যবহার। পরিপাটি অলংকরণ করা হয়েছে ফুলেল মোটিফের ব্যবহারে। রঙের ক্ষেত্রে গাঢ় রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। নীলের নানা শেড ব্যবহার হয়েছে। ছাই, মেরুন, কালো, সবুজ রঙা পোশাক রয়েছে এ বর্ষা সংগ্রহে। ট্রেন্ডি প্যাস্টেল রঙের পোশাকও রয়েছে।

ছেলে ও মেয়ে উভয়ের জন্যই রয়েছে মিথের বর্ষা সংগ্রহ। পোশাকের পাশাপাশি জুতাও পাবেন মিথের সংগ্রহে।