নিত্য উপহারের দেড় যুগ পূর্তিতে প্রদর্শনী

দেড় যুগ ধরে স্বদেশি টি-শার্ট চর্চা করে আসছে ফ্যাশন হাউস নিত্য উপহার। এ উপলক্ষে বিশেষ প্রদর্শনী, বিশেষ সম্মাননা ও ‘বাস্তব জীবনের মডেল :স্মারক-মোমেনটাম ২০১৮’ প্রদান করে হাউসটি। গত ২২ জুন বিকেলে শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী মিলনায়তনে এ প্রদর্শনী ও স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরেণ্য শিল্পী হাশেম খান, চন্দ্র শেখর সাহা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও নিত্য উপহারের কর্ণধার বাহার রহমান। উপস্থিত ছিলেন শিল্পী ধ্রুব এষ, সব্যসাচী হাজরা প্রমুখ।

প্রদর্শনীতে স্থান পেয়েছে নিত্য উপহারের টি-শার্ট পরা বিভিন্ন ছবি। প্রদর্শনীটি চলে ২৩ জুন পর্যন্ত। এছাড়া অনুষ্ঠানে ১৮ বছর পূর্তি উপলক্ষে শিল্পী ধ্রুব এষ ও সব্যসাচী হাজরার ডিজাইন করা দুটি স্মারক টি-শার্ট উন্মোচন করা হয়।