বলিউড তারকা তামান্না ভাটিয়ার সিনেমার পাশাপাশি সবচেয়ে বেশি ব্যস্ত বিভিন্ন ইভেন্টে। একই সাথে জোরসে চলছে তার প্রেমের খবর। এবার যেন সেই আলোচনায় আরো খানিকটা ঘি ঢালছেন কেউ কেউ। বিগত বেশ কয়েক মাস ধরেই তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মার প্রেমের আলোচনায় সরগরম বলিউড।
শোনা যাচ্ছিল, সবার অগোচরে জমিয়ে প্রেম করছেন দুই তারকা। মাঝেমধ্যে একাধিক জায়গায় একসঙ্গে দেখা গেছে তাদের। এদিকে বাস্তবের প্রেম এবার পর্দাতেও। ‘লাস্ট স্টোরিজ-২’-এ একসঙ্গে দেখা যাবে তামান্না এবং বিজয়কে। প্রেমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই প্রেমের গুঞ্জনের কথা স্বীকার করলেন অভিনেত্রী।
বিজয়ের সঙ্গে তার সম্পর্ক কতটা সহজ, রাখঢাক না করেই তা বলেন তামান্না। শুধু তাই নয়। তামান্না জানান, বিজয়কে দেখে অনুপ্রাণিত হন তিনি। তাকে দেখলে তিনি অন্য ভুবনে হারিয়ে যান। যে ভুবনের কথা শুধু অনুভব করা যায়। এ কথা বলে বুঝানো যাবে না। সহজ ভাষায় এ যেন এক স্বর্গীয় অনুভুতি।
সম্পর্কের গুঞ্জনের কথা স্বীকার করে অভিনেত্রী বলেন, ‘ও এমন একজন মানুষ যার খেয়াল রাখতে ভালোবাসি। ও আমার আনন্দের জায়গা।’ তবে তাদের প্রেমের এই অকপট স্বীকারোক্তির ক্ষেত্রে বিজয় যেন ‘নো কমেন্টস’। যা কিছু বলার তামান্নাই বলছেন।
সর্বশেষ তামান্না সাংবাদিকদের বলেন,‘বিজয়ের সাথে আমার সম্পর্ক নিয়ে লুকোচুরি করার তো কিছুই নেই। তবু আপনারা যেন রহস্যেও জাল বোনার চেষ্টা করছেন। একটু আরামে না হয় আমাদের প্রেমটা করতে দিন।’