এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির দিক দিয়ে এটি সর্বোচ্চ। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩৭ জনে।
বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (১৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ২৮৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৭ জন ও ঢাকার বাইরের ৪৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৮৭ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে তিন হাজার ১৪৮ জন আর ঢাকার বাইরে অন্য বিভাগগুলোতে ভর্তি হন ৯৩৯ জন।
অন্যদিকে, এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ১২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরের ৭৬৩ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২৯ জন।