অভিনয় এর পাশাপাশি গানেও বেশ পারদর্শী অভিনেতা চঞ্চল চৌধুরী। আইপিডিসি আমাদের গান অনুষ্ঠানে তার গাওয়া বেশ কয়েকটি গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ‘সর্বত মঙ্গল রাধে’, ‘নিশা লাগিলো রে’ কিংবা ‘ঢাকা শহর আইসা আমার’ গানগুলো চঞ্চল গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তার ভক্তদের । এবার কোরবানির ঈদের আগের রাতে ‘আছেন আমার মোক্তার’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী।
সবশেষ গেল ঈদের চাঁদরাতে চঞ্চল ও মেহের আফরোজ শাওনের গাওয়া ‘ঢাকা শহর আইসা আমার’ গানটি প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় একই ব্যানারে চঞ্চলের কণ্ঠে আসছে ‘আছেন আমার মোক্তার’। তার সঙ্গে গাইবেন মেজবাহ। ‘আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’-এর নতুন গান এটি। নতুন করে এর সংগীতায়োজন করেছেন ইমন সাহা।
জানা গেছে, আসছে কোরবানির ঈদের আগের রাতে আইপিডিসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আছেন আমার মোক্তার’ গানটি ১৯৭৮ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় ব্যবহার করা হয়। এর সুর ও সংগীত করেছিলেন আলাউদ্দিন আলী। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী। সিনেমায় ঠোঁট মিলিয়েছেন আনোয়ার হোসেন।
কালজয়ী ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমার গান সুর ও সংগীতের জন্য প্রয়াত আলাউদ্দিন আলী প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। একই সঙ্গে সৈয়দ আব্দুল হাদীও এই গানের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন।