আমপাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

পাবনা সদরে আমপাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল আলিম (৪০) নামের একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তানজিল হোসেন নামের ওই ভাতিজাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সদরের মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আলিম মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। আটক তানজিল একই এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে।

জানা গেছে, একটি আমগাছকে কেন্দ্র করে করে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এদিন সকালে চাচা আব্দুল আলিম আম পাড়তে যায়। আম পাড়তে চাচাকে নিষেধ করলে দুই পরিবারের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ সময় ভাতিজা তানজিল চাচাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত ভাতিজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।