জামালপুর সদরে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। নিহত গৃহবধূর নাম আম্বিয়া আক্তার (৩৫)। সে ওই এলাকার রেলওয়ে কর্মচারী লাভলু মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের দিকে উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লাভলু মিয়া অফিস থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় লাভলুর চাচাতো ভাই লেবু মিয়া দলবল নিয়ে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্বামীকে বাঁচাতে স্ত্রী আম্বিয়া এগিয়ে এলে তাকে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল আসামি লেবু মিয়া (৪৫), মিস্টার (৪০), মিনা রহমান (২৪) এবং সালেহা বেগম (৬০)কে আটক করেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় নিহতের স্বামী লাভলু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জামালপুর সদর থানায় ওসি কাজী শাহনেওয়াজ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ২৫ বছর আগে প্রতিপক্ষের হাতে খুন হন লাভলু মিয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক।