এইচএসসির ফরম পূরণ ৯ জুলাই শুরু

ফরম পূরণে ফি নির্ধারণ করে দিল শিক্ষা বোর্ড

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ ৯ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১৬ জুলাই পর্যন্ত। পূরণ করা যাবে অনলাইনে। ফি জমা দেওয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। ১৮ থেকে ২৩ জুলাই ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।

সংবাদ-সম্মেলনের-আগেই-জানা-যাবে-এইচএসসির-ফল-2302071019

১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এইচএসসির ফরম পূরণের মোট ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। তবে, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর ৪র্থ বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যাবহারিক থাকলে বিষয় প্রতি আরও ১৪০ টাকা যোগ হবে।

এইচএসসি পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১১০ টাকা, ব্যাবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি পাঁচ টাকা নেওয়া হবে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এইচএসসি

কেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যাবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্রপ্রতি ২৫ টাকা দিতে হবে। আর ব্যাবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। পরীক্ষার যাবতীয় ফি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করতে পারবে কলেজগুলো। বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরেছে ঢাকা বোর্ড।