ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপের সোনালি ট্রফি, তার অধীনেই সবশেষ বিশ্বকাপ জিতেছিলো সেলেসাওরা। আবার তার অধীনেই রয়েছে ঘরের মাঠের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জা। সেই লুইস ফেলিপে স্কলারি গতবছর অবসর নিয়েছিলেন কোচিং জীবন থেকে। তবে এবার অবসর ভেঙে আবারও ডাগআউটে ফিরলেন ব্রাজিলের সাবেক এই কোচ। এবার অবশ্য জাতীয় দলের নয়, ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর কোচ হিসেবে দায়ত্ব পালন করবেন দ্য বিগ ফিল।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী এই কোচ সবশেষ কোচিং করিয়েছিলেন গত বছর। ব্রাজিলেরই আরেক ক্লাব অ্যাথলেটিকো প্যারানায়েন্সের কোচ হিসেবে ছয়মাস দায়িত্ব পালন করেন তিনি। ক্লাবকে তুলেছিলেন কোপা লিবার্তোদেরসের ফাইনালেও। তারপরই কোচিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন স্কলারি। কোচিং ছাড়লেও ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
এবার অ্যালেটিকোর সঙ্গে সব সম্পর্কই চুকিয়ে দিলেন দ্য বিগ ফিল। এবার নতুন করে কোচিংয়ে ফিরে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অ্যাটলেটিকো মিনেইরোর সঙ্গে চুক্তি করেছেন তিনি।
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে সাফল্য অনেক রয়েছে স্কলারির। সবচেয়ে বড় সাফল্য নিশ্চিতভাবেই ব্রাজিলের হয়ে ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপ জয়। এরপর ২০১৪ বিশ্বকাপেও ব্রাজিলের দায়িত্বে ছিলেন স্কলারি। তবে ঘরের মাটিতে সেই টুর্নামেন্টের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জায় ডুবতে হয়েছিলো ব্রাজিলকে।
ব্রাজিল ছাড়াও পর্তুগালকে কোচিং করিয়েও বেশ ভালো সাফল্য পেয়েছেন স্কলারি। ২০০৪ সালের ইউরোতে পর্তুগালকে তুলেছিলেন ফাইনালে। ২০০৬ বিশ্বকাপে পর্তুগালকে সেমিফাইনালেও তোলেন দ্য বিগ ফিল।