‘গুঞ্জন শুনতে ভালোই লাগে’

প্রেম-বিয়ে বা ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি তারকাদের কাছে নতুন কিছু নয়। যদিও মাঝে মাঝেই বিষয়গুলো নিয়ে বিপাকে পড়তে হয় তাদের। গণমাধ্যম থেকে নেটদুনিয়ায় নানা মনগড়া সংবাদে বিরক্তিও প্রকাশ করেন তারা। তবে বরাবরই লুকোচুরি নিয়মের বাইরে চলতে পছন্দ করেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। ভুল তথ্য ছড়ানোর ভয়েই মূলত এই পথ বেছে নিয়েছেন তিনি। এছাড়া তিনি মনে করেন স্বাধীনভাবে বাঁচতে সত্য লুকানোর কোনো মানে হয় না।

উল্লেখ্য, ২০২১ সালে, প্রযোজক জ্যাকি ভাগনানি রাকুলকে তার জন্মদিনে ইনস্টাগ্রাম দু’জনের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান এবং ক্যাপশনে রাকুলকে নিজের জগত্ বলে আখ্যা দেন। সঙ্গে সঙ্গেই তাদের সম্পর্কের বিষয় নিয়ে নানা কানাঘুষা শুরু হয় নেটদুনিয়ায়। এমনকি কিছুদিন যেতে না যেতেই তাদের একাধিকবার বিয়ের পিঁড়িতেও বসিয়ে দেন তারা!

যদিও সেই গুজবগুলো বেশ ভালোভাবেই উপভোগ করেন রাকুল। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানান এই অভিনেত্রী।

রাকুলপ্রীত সিং। ছবি: সংগৃহীত

রাকুল বলেন, ‘দেখুন, প্রাপ্তবয়স্ক হিসাবে প্রেম-বিয়ে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তাই শুরু থেকেই আমরা সম্পর্কের বিষয়ে কোনোকিছু আড়াল করিনি। তারপরও নানা সময় আমাদের বিয়ের গুজব অবধি রটেছে। গণমাধ্যমের এমন খবর রীতিমতো অবাক করে। কীভাবে তারা এমন মনগড়া বা দায়িত্বহীন কাজ করে সেটা ভেবে মাঝে মাঝে হাসিও পায়। এমন তো নয়, যে আমরা নিজেদের আপডেট শেয়ার করি না। আমরা দু’জন সত্যি সুন্দর একটি সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছি। যদিও গুঞ্জন শুনতে ভালোই লাগে!’