প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্ট করছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষিকাজে প্রতিবছর ৮১ লাখ লিটার ডিজেলের ব্যবহার হয়। তৃণমূলে সেচকাজে সোলারের ব্যবহার বাড়াতে হবে। কেউ যদি বেসরকারিভাবে সোলার প্যানেল স্থাপন করতে চায় তাহলে কর মওকুফসহ সুযোগ-সুবিধার আশ্বাস দেওয়া হয়। এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, বিদেশি অর্থ পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। এতে দেশি মুদ্রার চাপ কমবে।