নকলে বাধা, শিক্ষককে লাঞ্ছিত করলো ছাত্রলীগ কর্মী 

শরীয়তপুরে সাজ্জাদ হোসাইন স্মরণ নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে নকলে বাধা দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জুন)  সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের ৩০১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত সাজ্জাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী
 
জানা যায়, সোমবার ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের প্রথম পরীক্ষা ছিল। ৩০১ নম্বর কক্ষে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আমিমুল এহসান ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসান আশিক।

এ সময় সাজ্জাদ মোবাইলে তুলে আনা ছবি দেখে পরীক্ষার উত্তর লিখছিলেন। সে সময় প্রভাষক আমিমুল এহসান সাজ্জাদকে মোবাইল দেখে পরীক্ষা দিতে নিষেধ করেন। তখন সাজ্জাদ রাগে উত্তরপত্র ছিঁড়ে ফেলেন এবং প্রভাষককে লাঞ্ছিত ও মারতে উদ্যত হন। পরে সাজ্জাদ লাথি দিয়ে পরীক্ষা কক্ষের জানালার কাঁচও ভেঙে ফেলেন। 

অভিযুক্ত শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী সাজ্জাদ বলেন, আমি নকল করিনি, শিক্ষককে লাঞ্ছিতও করিনি। আমি আরেকজনের খাতা দেখে লিখছিলাম তখন স্যার খাতা নিয়ে যেতে চাইলে আমি খাতা ধরে রাখি। তখন স্যারের হাতে টান লেগে পরীক্ষার খাতা ছিঁড়ে যায়।

প্রভাষক আমিমুল এহসান বলেন, এ বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। 

জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদ বলেন, বিষয়টি জানি না। আমার জানা মতে সাজ্জাদ নামে কেউ ছাত্রলীগ করে না। তবুও আমি খোঁজ নিয়ে দেখছি।

গোলাম হায়দার খান মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ সমির উদ্দিন বলেন, পরীক্ষার্থী সাজ্জাদ প্রভাষক আমিমুল এহসানের সঙ্গে বাজে ব্যবহার করেছেন। আমিমুল ওই পরীক্ষার্থীকে দেখে লিখতে নিষেধ করলে তিনি খারাপ ব্যবহার করেন। সে যদি ক্ষমা না চায় তাহলে কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।