জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি ও সাধুরপাড়ার সাময়িক বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর একটি অডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অডিওটি ভাইরাল হয়।
২৬ সেকেন্ডের এই অডিও বার্তায় বাবু চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘নাদিম সাংবাদিককে আমি মনে করব, এদের জন্য দায়-দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। নাদিম সাংবাদিককে ঠিক করতে ১ মিনিটের বিষয়। আমি যামু ওরে শাসন করতে, ... আমার যদি উপজেলা আওয়ামী লীগ হাউ হাউ করে হাসে যে, বাবু বিপদে পড়ছে পড়ুক।’
জানা গেছে, বাবু ওই বক্তব্যটি উপজেলা আওয়ামী লীগের একটি মিটিংয়ে বসেই দিয়েছিলেন।
স্থানীয় সাংবাদিকরা গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যেমে ভাইরাল হওয়া অডিওটির কণ্ঠ মাহমুদুল হক বাবুর। তিনি আওয়ামী লীগের পার্টি অফিসে এই বক্তব্য দিয়েছিলেন।’ ৩-৪ মাস আগের এক বৈঠকে তিনি এ হুমকি দেন বলেও জানান তিনি।
গত বুধবার বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। তিনি ‘বাংলানিউজটোয়েন্টিফোর.কম–এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে ‘একাত্তর টিভি’র বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক।
এরপর গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।