গরু ও গরুর মাংস আমদানি চেয়ে রিট

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে গরু ও গরুর মাংস আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, আমদানি নীতি অনুযায়ী গরুর মাংস একটি আমদানিযোগ্য পণ্য। 

অপরদিকে ‘দি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার’ ১৯৭২ এর ধারা ১২ অনুযায়ী প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করে বাজার মূল্য সহনীয় রাখা টিসিবির আইনি কর্তব্য। এ কারণেই গরু ও গরুর মাংস আমদানির বিকল্প নেই। রিটে মত্স্য ও প্রাণিসম্পদ সচিব, বাণিজ্য সচিব ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট করেন। 

রিটকারী আইনজীবী জানান, গরুর মাংস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্যতম প্রধান খাদ্য। কিন্তু বাজারে গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যা ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিবছরই এই মূল্যবৃদ্ধি পাচ্ছে। গরুর মাংস ইতিমধ্যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই জনগণের পুষ্টির চাহিদা পূরণে গরু ও গরুর মাংস আমদানি করা দরকার।