খেলার আগেই কথার যুদ্ধে বাংলাদেশ-লেবানন

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আজ। বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। বাংলাদেশ ফুটবল দল প্রথম ম্যাচেই এই সাফের সবেচেয়ে শক্তিশালী দল, লেবাননের বিপক্ষে লড়াই করতে নামবে। ফিফার র‍্যাংকিংয়ে দুই দেশের পার্থক্য অনেক বেশি হলেও মাঠের লড়াইয়ে কেউ কাউকে খাটো করে দেখছে না। লেবানন শক্তিশালী দল হয়েও তারা কঠিন প্রস্তুতি নিয়ে সাফে খেলবে। বাংলাদেশের বিপক্ষে লেবানন হেরেছিল। সেই ইতিহাস মনে রেখেছেন লেবাননের সার্বিয়ান কোচ আলেকসান্ডার ইলিচ। গতকাল ভারতে সাফের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তান ছাড়া সব দলের কোচ। সেখানে লেবাননের কোচ আলেকসান্ডার কথার যুদ্ধ বাধিয়ে দিয়েছেন।

লেবানন এত সহজে ছেড়ে দেবে না, বাংলাদেশকে কঠিন ভাবে নিয়েছে সেকথা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন লেবাননের কোচ। বাংলাদেশ যে আন্তর্জাতিক ফুটবলে পিছিয়ে আছে সেটা জেনেও বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে পড়াশুনা করেই সাফে খেলতে এসেছে লেবানন। এই কোচ আলেকসান্ডার বলেছেন, ‘সাফে লেবাননের খেলোয়াড়দের জন্য ভিন্ন একটা অভিজ্ঞতা। এই পরিবেশে কিংবা সাফে খেলার অভিজ্ঞতা নেই। যদিও বাংলাদেশের সঙ্গে লেবাননের খেলা হয়েছে। সেটা ইতিহাস। আমরা জানি, সেদিন হেরেছিল লেবানন। এ কারণে এবার সাফে খেলা হবে অন্যমাত্রায়।’

কোচ বলেছেন, ‘আমরা খুব কম সময়ের মধ্যে একটা টুর্নামেন্ট শেষ করেছি। আরো একটা টুর্নামেন্ট কম সময়ের  মধ্যে খেলতে হবে। তবে এই সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি হবে আলাদা একটা লড়াই। যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ লেবাননের কোচ বাংলাদেশকে শুনিয়ে দিয়েছেন সবাই আসে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাংলাদেশ সম্পর্কে আমাদের ভালো আইডিয়া আছে। বাংলাদেশে খুব ভালো কিছু খেলোয়াড় রয়েছে। আমরা তোমাদেরকে মোকাবিলা করতে প্রস্তুতি।’

লেবাননের কোচের হুমকি-ধামকিতে নতজানু নয় বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। কোচ কাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, তারা কীভাবে কী করতে চান। কাবরেরা বললেন, ‘এখন আমাদের কাজটা কী হবে সেটা আমরা জানি। ড্রেসিং রুমে কীভাবে কাজ করছি সেটা এগিয়ে নিচ্ছি। আমরা ভালো করে জানি এটা একটা কঠিন ম্যাচ। আমরাও প্রস্তুত আছি।’