ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর জনপ্রিয় ফোরাম এফ-কমার্স এলায়েন্স এর উদ্যোগে ফেসবুক বিজনেসের ওপর কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) রাজধানীর গুলশানে বাংলাদেশে ফেসবুকের অথোরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল এর অফিসে এই কর্মশালা হয়।
এইচটিটিপুল-এর সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, আমরা বাংলাদেশের যেসব ব্যবসা অফলাইনে আছে তাদেরকে অনলাইন নিয়ে আসতে চাই। সেজন্য অনলাইন ব্যবসার জন্য প্রশিক্ষণ দিতে চাই। ছোট ছোট উদ্যোক্তা আমাদের সহযোগিতা নিয়ে তাদের ব্যবসার উন্নতি করবে। আমরা চাচ্ছি ই-ক্যাব এর মাধ্যমে ঢাকা ও সারাদেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।
ই-ক্যাব ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। ওয়ার্কশপ করার পর তারা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেইসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। তারা বুঝতে পারছে না কখন কোন আপডেট আসছে। তারা যেন ফেসবুকের নীতিমালা অনুসরণ করে, সেজন্য এই কর্মশালা। ভবিষ্যতে এই কর্মশালা বিভিন্ন ক্যাটাগরির সদস্যদের জন্য আলাদাভাবে আয়োজন করবো, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।
‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাক্টিসেস’ শীর্ষক এই কর্মশালায় ৩০ জনের অধিক ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আয়োজনের উপস্থিত ছিলেন এফ-কমার্স এলায়েন্স এর কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান, ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স এলায়েন্স কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুল এর পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুল এর এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনিসহ আরও অনেকে।