টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। প্রধান ফটক তালাবন্ধ থাকায় ফিরে যাচ্ছেন সেবাগ্রহীতারা। এতে চরম বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে বিদেশ গমনেচ্ছুক যাত্রীরা। কর্তৃপক্ষ বজ্রপাতের কারণে সার্ভার মেশিন বিকল হয়ে যাওয়ার কথা বললেও ভুক্তভোগীরা বলছেন, দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রায়শই ঘটে থাকে এ ধরনের ঘটনা।
দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা মো. নাঈম হোসেন। জরুরি কাজে তার ভারত যাওয়া প্রয়োজন। এ জন্য পাসপোর্ট করতে তিন দিন আগে অনলাইনে ফরম পূরণ করেছেন। এরপর অফিসের কার্যাদি সম্পন্ন করতে এসেছেন দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। কিন্তু এসেই দেখছেন প্রধান ফটকে তালা ঝুলানো। প্রধান ফটকের পাশে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা ‘সার্ভারজনিত সমস্যার কারণে আঞ্চলিক পাসপোর্ট অফিস দিনাজপুরের সবরকম সেবা সাময়িকভাবে বন্ধ থাকিবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আদেশক্রমে-কর্তৃপক্ষ।’
আরেক সেবাগ্রহীতা আমির হোসেন জানান, তিন দিন থেকেই তিনি এই অফিসে ধরনা দিচ্ছেন। কিন্তু অফিসের প্রধান ফটকে তালা ঝোলানো। এতে মহাবিপাকে পড়েছেন তিনি। আমির হোসেনের মতো অবস্থা অনেকেরই। গত রবিবার থেকে প্রতিদিন দুই থেকে আড়াই শ বিদেশ গমনেচ্ছুক মানুষ দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে ঘুরে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস থাকলেও ১৩টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর জেলায় পাসপোর্ট গ্রহীতার সংখ্যা অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। তুলনামূলক বড় জেলা হওয়ায় দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন দুই থেকে আড়াই শ মানুষ আসেন পাসপোর্টসংক্রান্ত কাজে। গত রবিবার (১৮ জুন) থেকে গুরুত্বপূর্ণ এই অফিসের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা এসব মানুষ ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।
ভুক্তভোগীরা জানান, সার্ভার জটিলতার কথা বলে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে প্রায়শই এ ধরনের হয়রানির শিকার হতে হয় তাদের। গতকাল বুধবার অফিসের বাইরে গিয়ে দেখা যায় অসংখ্য মানুষ ঘুরছেন পাসপোর্ট অফিসের সেবা পেতে। কিন্তু প্রধান ফটক তালাবদ্ধ থাকায় তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কবে তাদের কাজ হবে, এ বিষয়ে অফিস থেকে স্পষ্ট করে বলা হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজিজুল হক খান বলেন, সার্ভার জটিলতার পাশাপাশি বজ্রপাতের ফলে বেশ কিছু সরঞ্জাম বিকল হয়ে গেছে। ফলে গত ১৮ জুন থেকে পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। এসব সরঞ্জাম মেরামত করা হচ্ছে এবং ঢাকা থেকে প্রকৌশলীরা রওয়ানা হয়েছেন। খুব দ্রুতই সমস্যার সমাধান করে আবার কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।