বাগেরহাটের শরণখোলায় শতবর্ষী পুকুরে মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রায়েন্দা বাজারের শতবর্ষী পুকুর পাড়ে এ মানববন্ধন হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম সিদ্দিকী বলেন, শরণখোলার রায়েন্দা পুকুরের দক্ষিণ পাশে আধা-পাকা ঘর নির্মাণের জন্য জুলাই জেলা পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত সাত জনের নামে ইজারা বন্দোবস্ত দেওয়ার একটি অনুলিপি (স্মারক নং-৪৬.৪২.০১০০.০০১.৩২.১০০.২২.২৯৮(৭) তার দপ্তরে এসেছে। ওই পত্রে উল্লেখিত ইজারা বন্দোবস্ত নেওয়া সাত ব্যক্তি হচ্ছেন, শিরিন সুলতানা রুমি, আসাদুজ্জামান খান, উজ্জল সাহা, অম্বরিশ রায়, মৌসুফা নুর মুমু, ইমরান উদ্দিন শুভ, শিশির কুমার সাহা। পুকুরটি জনসাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু হালদার, রায়েন্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, শরণখোলা আইডিয়াল ইন্সটিটিউটের অধ্যক্ষ মো, উসমান গনি বলেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ওই পুকুরের পানি ব্যবহার করে থাকে।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, এ পুকুরটি রায়েন্দা বাজারের হাজার হাজার মানুষের পানির চাহিদা পূরণ করে আসছে। সংরক্ষিত এ পুকুরটিতে দীর্ঘদিন ধরে মাছ চাষও বন্ধ রয়েছে। জেলা পরিষদ কীভাবে পুকুরে পাকা ঘর নির্মাণের জন্য ইজারা দেয় তা বোধগম্য নয়।
রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজমল হোসেন মুক্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে পুকুরটি সাধারণ মানুষের জন্য সংস্কার করা প্রয়োজন।
বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বলেন, এ বিষয়ে কেউ লিখিত আপত্তি দিলে তদন্ত করে প্রয়োজনে ইজারা বাতিল করা হবে।
মানববন্ধনে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল, শরণখোলা আইডিয়াল ইন্সটিটিউট ও আরকেডিএস বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এমএ রশিদ আকন, শরণখোলা আইডিয়াল ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. উসমান গণিসহ আরও অনেকে।