হারের পরও সেমিফাইনালের স্বপ্ন দেখছেন বাংলাদেশের কোচ 

ফিফা র‍্যাংকিংয়ে লেবাননের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। তারপরও ভালো কিছু করার লক্ষ্যে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণ সামলে প্রথমার্ধে লেবাননকে আটকে রাখে জামাল ভুঁইয়ারা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে বসে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলের হার দিয়ে সাফ মিশন শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। হারলেও সেমিফাইনালে খেলার আশা ছাড়ছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘ম্যাচের ফলাফলটা আমাদের অনুকূলে নয়। তবে একইসঙ্গে আমাদের ইতিবাচক দিকও রয়েছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলা সম্ভব।’

বাংলাদেশের জয়ের সুযোগ ছিল মনে করিয়ে ক্যাবরেরা আরও বলেন, ‘আমরাও গোলের সুযোগ পেয়েছিলাম। ম্যাচটি ১-০ গোলে বাংলাদেশ এগিয়ে যেতে পারত। ফয়সাল আহমেদ ফাহিম ওয়ান-ওয়ানে মিস করায় সেটি আর হয়নি। তারা (লেবানন) আমাদের চেয়ে এগিয়ে। জয় পাওয়াটা তাদের জন্য স্বাভাবিকই ছিল। তবে আমরাও ম্যাচে ভালো খেলেছি।’