মার্কিন ফার্স্ট লেডিকে সবুজ হীরা উপহার দিলেন মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী এবং দেশটির ফার্স্ট লেডি জিল বাইডেনকে সবুজ হীরা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি সাড়ে সাত ক্যারেটের সবুজ হীরা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মোদি যে হীরা উপহার দিয়েছেন তা সৌর এবং বায়ুশক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। হীরাটি পরিবেশবান্ধব এবং পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি। এটি সাড়ে সাত ক্যারেটের সবুজ হীরা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও বিশেষ উপহার দিয়েছেন মোদি। সূক্ষ্মভাবে হস্তনির্মিত চন্দন কাঠের বাক্স বাইডেনকে উপহার দিয়েছেন তিনি।

অসাধারণ রত্ন পাথরটি একটি বাক্সে দেওয়া হয়েছে। বাক্সটি কর-ই-কলমদানি নামে পরিচিত, যাতে কাশ্মীরের চমৎকার কারুকার্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

জো বাইডেন এবং জিল বাইডেন গতকাল বুধবার ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদির জন্য এক নৈশভোজের আয়োজন করেন। এ সময় মোদি উপহারগুলো বাইডেন ও তার স্ত্রীর হাতে তুলে দেন।