পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) রাতে রংপুরের পীরগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৪ লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের তৈয়ব মিয়ার ছেলে। 

জানা যায়, ৬ বছর আগে ফারুকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শিমুর। স্ত্রী শিমু আক্তারকে নিয়ে তিনি আশুলিয়ার গাজিরচট নয়াপাড়া এলাকায় এসে ভাড়া বাসায় বসবাস করতেন ফারুক। তারা দুজনেই আশুলিয়ার কাঠগড়া এলাকার আগামী অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানায় কাজ করতেন। ১০-১৫ দিন আগেও গ্রামের বাড়িতে শিমুর সঙ্গে স্বামী ফারুকের বাকবিতণ্ডা হয়। 

গত ২০ জুন স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহে থেকেই ধস্তাধস্তির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর ছেলে সিয়ামকে (৪) নিয়ে ভোরে পালিয়ে যান।

লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। পরকীয়ায় জড়িয়েছে এমন ধারণা থেকেই স্ত্রীকে হত্যা করেছে বলে জানিয়েছে। গ্রেপ্তার ফারুককে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।