শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, আমাদের সজাগ থাকতে হবে, ২০০১ সালে যেমন ষড়যন্ত্র হয়েছিল এমনকি ১৯৭১ সালেও মুক্তিযুদ্ধকালীন কম ষড়যন্ত্র হয়নি এখনো হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের কেউ কোন ক্ষতি করতে পারবে না। আওয়ামী লীগ না থাকলে আজ বাংলাদেশের জন্ম হতো না। মুক্তিযুদ্ধের পর যেমন বঙ্গবন্ধু দেশের হাল ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনই তার কন্যা শেখ হাসিনাও বাংলাদেশকে বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন তার উন্নয়ন কাজ অব্যাহতের মাধ্যমে।
শুক্রবার (২৩ জুন) বিকেল শরীয়তপুর সদরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগ ও শরীয়তপুর-১ সংসদ সদস্যের নেতৃত্বে সদরের শহীদ মিনার থেকে বিশাল আনন্দ র্যালি শহরের চৌরঙ্গী মোড় বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।
ইকবাল হোসেন অপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ে, খাদ্যে ঘাটতি থেকে স্বয়ংসম্পূর্ণতায় উন্নীত হয়েছে ও বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই কৃতিত্ব কেউ অস্বীকার করতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী বানাবো। কোন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে থামানো যাবে না।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে। এছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।