এবার রাশিয়ার তেল শোধনাগারে আগুন

রাশিয়ার ভোরোনেজের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা কিছু ভিডিওতে ওই তেল শোধনাগারে বিমান হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সেখানের আঞ্চলিক গর্ভনর অ্যালেক্সান্ডার গুসেভ বলেছেন, আগুন নিভাতে শতাধিক কর্মী কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের ভোরোনেজ অঞ্চলের সামরিক স্থাপনা দখলে নিয়েছে ইউক্রেনে মস্কোর পক্ষে লড়াই করে আসা ভাড়াটে বাহিনী ওয়াগনার। এর পরপরই ভোরোনেজের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই অঞ্চলের গভর্নর এক বিবৃতিতে জানান, ভোরোনেজের দিমিত্রভের সড়কের একটি তেল শোধনাগারের জ্বালানি ট্যাঙ্কের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শতাধিক দমকলকর্মী ও ৩০টি গাড়ি ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ হতাহত হননি।

ইউক্রেন-রাশিয়ার দীর্ঘ সময়ের যুদ্ধ হঠাৎ করে ভিন্ন পথে ঘুরে গেছে। এতদিন রাশিয়াকে সমর্থন করা ওয়াগনার গ্রুপ হঠাৎ করেই পাল্টে গেছে। রুশ সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে তারা। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ে রুশ সেনাদের সমর্থনের বদলে এবার রুশ বাহিনীর ওপরই হামলা করছে তারা।