মেয়েকে বাঁচাতে গিয়ে লাশ হলেন বাবা

পটুয়াখালীর দশমিনায় মেয়েকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ইমরান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) উপজেলার আলীপুর নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ইমরানের বাড়ি বরিশাল সদর উপজেলায়।

জানা যায়, শুক্রবার উপজেলার আলীপুর ইউনিয়নে খলিশাখালী গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে আসেন ইমরান। শনিবার বিকালে স্ত্রী ও মেয়ে ইলমাকে নিয়ে আলীপুর নদীর কাছে ঘুরতে যায় ইমরান। হঠাৎ ইলমা নদীতে পড়ে গেলে ইমরান ও তার স্ত্রী ফারহানা মেয়েকে বাচাতে নদীতে ঝাপ দেন। এ সময় স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করতে পারলেও ইমরানকে তলিয়ে যায়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা অনেক চেষ্টা করেও নিখোঁজ ইমরানের সন্ধান পায়নি। 

পরে রোববার সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে ফোন করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে ইমরানের লাশ উদ্ধার করে। 

দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাহেরুল ইসলাম বলেন, শনিবার ইমরানের নিখোঁজের খবর পেয়ে দশমিনা ও পটুয়াখালীর ডুবুরি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নি উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে স্থানীয়রা আমাদের খবর দিলে নদী থেকে ইমরানের লাশ উদ্ধার করি।