গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৩ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লামিয়া জাহান মিশু(১১), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার (৯), নেত্রকোণার দূর্গাপুর এলাকার আব্দুস ছালামের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা আক্তার (৯)। তাদের সবার বাবা গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন কারখানায় চাকরি করেন। 

জানা যায়, ঈদুল আজহার ছুটি পেয়ে রূপগঞ্জের হোরগাঁও গ্রামের চার শিক্ষার্থী বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদের মধ্যে মারিয়া আক্তারের বোন মারিয়ম (১১) পানি থেকে উঠে বাড়িতে গিয় অন্যদের পানিতে ডুবে যাওয়ার খবর দেয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।