সুনামগঞ্জের শাল্লায় ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ জুন) রাত আড়াইটায় ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা চালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার আটগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গরীব ও অসহায়ের মাঝে ভিজিএফের চাল দেওয়া শুরু হয়েছে। সরকারি বরাদ্দের এসব চাল বিতরণ না করেই আটগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাড়ে ৭ বস্তা চাল আত্মসাৎ করেন। স্থানীয়রা চাল আত্মসাতের বিষয়টি দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কালিপদ দাসকে জানান। পরে ট্যাগ অফিসার অভিযান চালিয়ে চালের বস্তাসহ ইউপি সদস্যকে তার বাড়িতে থেকে আটক করে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সরকারি চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।