প্রতি বছরের মত এবারও ঈদুল আজহার দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (২৯ জুন) কোরবানির ঈদের দিন সকাল ৭টার প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ জুন) ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি করবেন; মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদী।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।
পর্যায়ক্রমে সকাল ৯টা, ১০টায় ও বেলা পৌনে ১১টায় বাকি তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টা থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।