কোরবানির হাটে কাজ করছে শেকৃবির ৪৫ শিক্ষার্থী

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকার ২২টি কোরবানির হাটে ভেটেরিনারি চিকিৎসা সেবা দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী।

কোরবানির হাটে প্রাণির স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিম গুলোর সাথে কাজ করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৪৫ জন হবু ভেটেরিনারিয়ান। ২৮ জুন পর্যন্ত হাটগুলোতে চলবে ভেটেরিনারি মেডিকেল সেবা।

শেকৃবি

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকাস্থ কোরবানির হাটে  আগত গরু, ছাগল, ভেড়া, মহিষসহ অন্যান্য প্রাণীর জরুরী চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ২২টি মেডিকেল ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন ভেটরিনারিয়ানের নেতৃত্বে গঠিত প্রতিটি ভেটেরিনারি মেডিকেল টিমে ২-৩ জন ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকসহ ৩ জন সহায়ক কাজ করবে। সারা দেশে ১৬৯৭ টি ভেটেরিনারি মেডিকেল টিম কোরবানির হাটে আগত প্রাণীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবে। রবিবার (২৫ জুন) সকাল ১১ টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত 'কোরবানির পশুরহাট মনিটরিং ও ব্যবস্থাপনার শীর্ষক ওরিয়েন্টেশন সভায়' মূল প্রবন্ধ উপস্থাপন কালে এসব জানান অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

মূল প্রবন্ধে ভেটেরিনারি মেডিকেল টিমের দায়িত্ব, কর্তব্য এবং কার্যপরিধি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার বলেন, 'আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতিনিয়ত স্মার্ট পদক্ষেপ গ্রহণ করছে।  তারই ধারাবাহিকতার প্রতিফলন হচ্ছে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম। ভেটেরিনারি মেডিকেল টিমে যুক্ত হয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী স্বাস্থ্য সেবা কার্যক্রম কে গতিশীল করায় শেকৃবি শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।

 শেকৃবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন, কোরবানির হাটে প্রাণীর স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত থেকে হবু ভেটেরিনারিয়ানগন একদিকে যেমন অবলা প্রাণীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে অপরদিকে বাস্তব অভিজ্ঞতা লাভের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। যা ভবিষ্যতে তাকে একজন দক্ষ ভেটেনারিয়ান হতে সাহায্য করবে।'

প্রসঙ্গত এবার দেশে ১ কোটি ৪ লক্ষ কোরবানিযোগ্য পশুর চাহিদার বিপরীতে প্রায় ১ কোটি ২৫ লক্ষ কোরবানিযোগ্য পশু মজুদ আছে। ধারণা করা হচ্ছে দেশের কোরবানির পশু চাহিদা মিটিয়েও এবার প্রায় ২১ লক্ষ পশু উদ্বৃত্ত থাকবে।