তুরস্কে ‘প্রাইড মিছিল’ ঘিরে সংঘর্ষ

প্রাইড মিছিলে অংশ নিতে ইস্তাম্বুলে একত্রিত হন তুরস্কের এলজিবিটি গোষ্ঠীভুক্ত মানুষেরা। প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে মিছিল করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রোববার (২৫ জুন) ইস্তানবুলে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে। 

সম্প্রতি তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এর্দোয়ান। তিনি কঠোরভাবে সমকামিতার বিরোধী। তাই দেশটির সংবিধান এলজিবিটি সম্পর্কিত কোন প্রচারণা বা আন্দোলনকে অনুমতি দেয় না।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারে দেশটির সরকার সরাসরি এলজিবিটি গোষ্ঠীর বিরোধিতা করেছিলেন। এরদোয়ান তার বক্তব্যে বলেন, এই দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলন পরিবারের কাঠামোকে ভেঙে দিচ্ছে। নষ্ট করছে প্রাচীন সংস্কার, মূল্যবোধকে।

স্বাভাবিকভাবেই এর্দোয়ানের এই অভিমতের সঙ্গে সহমত নন এলজিবিটি গোষ্ঠী এবং আন্দোলনকারীরা। তারা দীর্ঘদিন ধরেই তুরস্কে নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন। গত রোববার সেই আন্দোলনের সূত্র ধরেই  ইস্তাম্বুলে একত্রিত হয়েছিলেন তারা। লক্ষ্য ছিল এলজিবিটি গোষ্ঠীর অধিকার রক্ষাতে মিছিলের আয়োজন করা। 

আয়োজকরা বলছেন, আমরা হাল ছাড়ব না, ভয় পাবো না! বরং আমরা নিরাপদ স্থানে ও অনলাইনে আমাদের কার্যক্রম চালিয়ে যাব।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাস (জুন) কে প্রাইড মাস হিসেবে ধরা হয়। গোটা বিশ্বেই বিভিন্ন শহরে প্রাইড মার্চ হচ্ছে। কিন্তু ইস্তাম্বুলে প্রাইড মার্চের আয়োজন শেষপর্যন্ত সফল হয়নি। দেশটির পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে আয়োজকদের উপর। তখনই একজন আহত হন। আটক ৪০ জনকে কবে ছাড়া হবে, তা এখনো স্পষ্ট নয়।