নেত্রকোনায় আট মাসে চেরাচালানে আসা ৪৮ হাজার কেজি ভারতীয় চিনি ও ৪ হাজার ভারতীয় মদ জব্দ করা ছাড়াও ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন জাতের মাদক জব্দ করা হয়েছে। এই সমস্ত জব্দ করা মালামালের বাজার মূল্য ৩ কোটি টাকা বলে জানায় পুলিশ।
সোমবার (২৬ জুন) দুপুরে পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ সাংবাদিকদের নিকট এ তথ্য প্রদান করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতীয় সীমান্ত এলাকা নেত্রকোনার দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার মধ্য দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি ঢোকার সঙ্গে সঙ্গে গোপন খবরের ভিত্তিতে ৪৮ হাজার কেজি চিনি পুলিশ জব্দ করে। এ ছাড়া বিভিন্ন নামের মাদক দ্রব্যও জব্দ করে।
তিনি আরও জানান, গত আট মাসে নিয়মিত ২৫৫৯ টি মামলায় ২৫৮১ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া এই সময়ে ৭ হাজার ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। ট্রাফিক বিভাগ কর্তৃক এ পর্যন্ত ট্রাফিক আইনে ১৬,৫৮৪টি মামালা দায়ের করার পর ১৫,৫৬৩ টি মামলা নিষ্পত্তি করে প্রায় ৮৬ লাখ টাকা জরিমানা আদায় করে তা সরকারের ফান্ডে জমা প্রদান করা হয়েছে।
জেলার সার্বিক আইন-শৃৃংখলা রক্ষায় পুলিশের এই তৎপরতার কারণে বর্তমানে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে তিনি উল্লেখ করেন। তনি আইন শৃংখলা রক্ষায় মিডিয়ার সহযোগিতাও কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।