চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা দুরুল হোদা (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টুনটুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুরুল হোদা উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মণ্ডলের ছেলে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং ইউপি সদস্য আলম হত্যা মামলার ১২ নম্বর আসামি।
জানা যায়, ইউপি সদস্য আলম হত্যা মামলা সম্প্রতি আদালত থেকে জামিন পান দুরুল হোদা। এরপর নিজের বাড়িতে না গিয়ে উপজেলার টুনটুনিপাড়া এলাকার শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। সেখানে দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে দুরুলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আবদুস সামাদ বলেন, দুরুলের দুই পায়ে ও দুই হাতে দেশীয় অস্ত্রের আঘাত ছিল।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, দুরুল হোদা একটি হত্যা মামলায় জামিনে ছিলেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।
এর আগে গত ১৩ এপ্রিল ভিজিএফের চাল বিতরণ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আলম হোসেন। এ সময় সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে গতিরোধ করে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ১২ নম্বর আসামি ছিলেন দুরুল হোদা।