ঈদে ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

ঈদুল আযহার উপলক্ষে দিনাজপুরের হিলি বন্দরের আমদানি ও রপ্তানি ছয় দিন বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই ভারত ও বাংলাদেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হয়ে আগামী ২ জুলাই (রোববার) পর্যন্ত একটানা বন্ধ থাকবে  দু’দেশের সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান জানান,   বন্দর সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টস, আমদানি ও রপ্তানিকারক, পানামা পোর্ট কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে ছয় দিন বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভারতের ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে পুনরায় এই বন্দর দিয়ে পুরোদমে সীমান্ত বাণিজ্য শুরু হবে।

বন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহ-ব্যবস্থাপক এসএম হায়দার জানান, ঈদের সরকারি ছুটি ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পানামা পোর্টের অভ্যন্তরের কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি শেষ হলে ২ জুলাই থেকে পানামা পোর্টের কার্যক্রম চালু হবে।

হিলি বন্দরে অবস্থানরত পণ্যবাহী ট্রাক। ছবি: ইত্তেফাক

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ি ইমিগ্রেশন চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। ফলে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা সপ্তাহের সাতদিনই বাংলাদেশ ও ভারতে চলাচল করতে পারেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম স্বাভাবিক থাকে।