অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে বাংলাদেশি ব্যবসায়ী রিগান ইসলাম (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ওই প্রদেশের বোতশাবেলোতে তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিগান ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।
নিহত রিগানের ছোট ভাই ফাহিম মাহমুদ জানান, গতকাল রাতে ৯টার দিকে তার ভাই বড় ভাই রিগান দোকানের মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন। ওই তিনি সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, তার বড় ভাই রিগান ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। ২০১৮ সালে তিনি বিয়ে করেন। তার তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। ২০২১ সালে রিগান দেশে এসে প্রায় ৫ মাস থাকার পর পুনরায় আফ্রিকায় যান তিনি।
বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিন জানান, রিগানের মৃত্যুর খবরে তার পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার লাশ আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিববার।