তবু খুশির ঈদ

সামাজিক অর্থনৈতিক নানামুখী অস্বস্তি বিরাজ করছে দেশে তারপরও ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদ্যাপন করবে মানুষ। কাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুদের নিয়ে জীবনকে সুন্দর ও সহজ করে তোলার জন্য মহান আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করবেন বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষ। ঈদের দিনে জামাতে নামাজ পড়া শেষে কোরবানি দেওয়া, বাসায় রান্না আর আত্মীয় বাড়িতে মাংস দেওয়া, সবই চলবে নিয়মমাফিক। তবে, এবারের ঈদে আমাদের সামনে আসা কিছু কঠিন বাধা পাড়ি দেওয়ার জন্য মহান আল্লাহতায়ালার কাছে হাত তুলে দোয়া চাইব আমরা। আমাদের সম্মিলিত চেষ্টায় মানুষের জীবনেও যেন ঈদের আনন্দ আসে সে চেষ্টা আমাদেরই করতে হবে।

দিনদিন জীবনযাত্রা যেভাবে কঠিন হয়ে উঠছে এতে ঈদের আনন্দ ফিকে হয়ে আসছে। বিত্তবানদের কথা ভিন্ন তার বাইরে এ বছর সাধারণ মানুষ অনেকেই কোরবানি দিতে পারছেন না। কোরবানির দাম গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ফলে অনেকেই কোরবানি দিতে না পারার কষ্ট নিয়েই পালন করবেন ঈদুল আজহা। যারা কোরবানি দিচ্ছেন তারা যেন প্রতিবেশীদের সঙ্গে কোরবানির আনন্দ ভাগ করে নেন সে চেষ্টাও আমাদের থাকতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় সেই মন্ত্রই যেন উচ্চারিত হয়েছে:

শুধু আপনারে বাঁচায় যে,/ মুসলিম নহে, ভন্ড সে!/ ইসলাম বলে-বাঁচ সবাই!/ দাও কোরবানী জান্ ও মাল, / বেহেশ্ত্ তোমার কর হালাল।/ স্বার্থপরের বেহেশ্ত্ নাই।

এই যে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। জিনিসপত্রের দাম নাগালের বাইরে, মানুষের রোজগার কমে আসছে। ঈদের আগে কাঁচা মরিচের দাম ১২০ থেকে ৩০০ টাকা ছুঁয়েছে। ইসলাম মানুষকে জিম্মি করে এভাবে টাকা আয়ের অনুমতি দেয় না। বিশ্ব জুড়েই মানুষ আজ সংকটের সামনে দাঁড়িয়ে। যুদ্ধ চলছে ইউক্রেনে, তার প্রভাব বিশ্ব জুড়ে। দেশে বিদ্যুৎ সংকটে কলকারখানার উৎপাদন কমে গেছে। তার প্রভাবে চাকরিহীন হয়ে পড়েছে অনেক মানুষ। এসব বিরুদ্ধ স্রোতে মানুষের জীবন এতটাই ওলটপালট হয়ে আছে যে তা তাকে ঈদ আনন্দ উদ্যাপনে আগ্রহী করে না। এবারের ঈদ যেন মানুষকে খুশিতে মাতিয়ে তুলতে পারছে না।

এসব নানা অস্বস্তির পরেও ঈদের ছুটিতে স্বজনের কাছে ফিরছে মানুষ। ট্রেনযাত্রায় শিডিউল বিপর্যয় নেই। আর দক্ষিণাঞ্চলের আশীর্বাদ হয়ে আসা পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নেই ঈদে বাড়ি ফিরছেন মানুষ। তবে, উত্তরের পথে জ্যাম রয়েছে। বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় ঈদের ছুটির প্রথম দিন মঙ্গলবার রাজধানী থেকে উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আট কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।