আজ রেজানুর রহমানের ‘আরেক পৃথিবী’

ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নির্মাণ। প্রতিবছর দুই ঈদে চ্যানেল আইয়ের জন্য ঈদের আগের দিনের দুটি করে বিশেষ নাটক নির্মাণ অব্যাহত রেখেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আরেক পৃথিবী’। 

নাটকটির মূলগল্প লিখেছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। জানা গেছে, ‘আরেক পৃথিবী’ নাটকে জীবন বোধ ও আত্মজিজ্ঞাসার পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটকে সরল ভঙ্গিতে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা তারিক আনাম খান, শহিদুল আলম সাচ্চু ও অরুণা বিশ্বাস। তাদের সঙ্গে আরও আছেন চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খানসহ দেশের বিভিন্ন নাট্য সংগঠনের একদল নাট্যকর্মী।

দু’জন মানুষ চেয়ারে মুখোমুখি বসে আছেন। একজনের নাম তাপস খান, সিন্ডিকেট ব্যবসায়ী। অন্যজন কৌশিক গাঙ্গুলি, বিদেশি চিকিৎসক। গাঙ্গুলি তাপস খানকে প্রশ্ন করলেন, আপনি আমাকে এই নিঝুম এলাকায় কেন নিয়েছেন? তাপস বললেন, ডাক্তার আপনি আমাকে বলেছেন আমি যেন জীবনের কোনো ঘটনা গোপন না করি। যা সত্য তাই বলি। সেজন্য আমি আপনাকে আমার গ্রামে নিয়ে এসেছি। আমাকে প্রশ্ন করুন। যা সত্য সব বলে দেবো। মাথাব্যথার কারণে আমি অনেক দিন শান্তিতে ঘুমাতে পারি না। প্লিজ আমাকে একটা পথ বাতলে দিন। 

তারপর দু’জনের মধ্যে অনেক কথা হয়। এক পর্যায়ে দুটি দরজা দৃশ্যমান হয় তাপস খান ও ডাক্তার গাঙ্গুলির সামনে। তাপস খানকে উদ্দেশ্য করে ডাক্তার গাঙ্গুলি জিজ্ঞেস করেন, সামনে কী দেখতে পাচ্ছেন বলুন? তাপস খান বলেন,  দুটি দরজার একটিকে বেছে নেবেন আপনি। একটি দরজা পেরুলেই পাবেন ‘আরেক পৃথিবী’। যেখানে আছে আপনার শৈশব-কৈশোর। ভুল শুধরে জীবনটাকে নতুন করে সাজাতে পারবেন। অন্য দরজা পেরুলেই পাবেন আপনার বর্তমান সময়কে। শঠতা, অন্যায় আর অনাচারে ভরা যে পথ। কোন পথে যাবেন সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এমনই এক জীবন ঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।