শপথ নেওয়ার আগেই ব্রেইন স্ট্রোকে নির্বা‌চিত কাউন্সিলরের মৃত‌্যু

বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর সেলিম হাওলাদার (৫৯) মৃত্যুবরণ করেছেন। বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ৩ জুলাই বরিশাল সিটি করপোরেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার কথা ছিল।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় বুধবার (২৮ জুন) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ব্রেইন স্ট্রোক হলে অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বরিশালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সযোগে রওয়ানা দেন স্বজনরা। পথিমধ্যে তার মৃত্যু হয়। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বরিশাল সিটি করপোরেশন হওয়ার পূর্বে ১৯৯১ সালের বরিশাল পৌরসভার কমিশনার ছিলেন তিনি। আর সিটি করপোরেশন হওয়ার পর ২০০৩ সাল থেকে ৮ নম্বর ওয়ার্ডে একাধারে কমিশনার-কাউন্সিলর রয়েছেন তিনি। এ নিয়ে মোট ৬ বার তিনি একই ওয়া‌র্ডের নির্বাচিত কাউন্সিলর।

স্থানীয় বাসিন্দারা জানান, কাউন্সিলর সেলিম হাওলাদার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও এতটাই জনপ্রিয় যে তার মৃত্যুর খবরে ওয়ার্ডসহ আশপাশের হাজারো মানুষ তার বাড়িতে ভিড় করেছেন। সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কারণ ওয়ার্ডের সকল মানুষকে সমানভাবে ভালোবাসতেন তি‌নি। আর এ কারণে তিনি বিগত দিনে একাধারে যেমন টানা ৬ বার জনপ্রতিনিধি ছিলেন তেমনি সদ্য সমাপ্ত সিটি নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত হন। যে নির্বাচনের গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ৩ জুলাই শপথ গ্রহণের কথাও ছিল।

উল্লেখ্য, প্রয়াত সেলিম হাওলাদার (৫৯) বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের প্রয়াত স্বরুপ আলী হাওলাদারের ছেলে। বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার স্বরুপ আলী ম্যানসনের বাসিন্দা ছিলেন তিনি।

মৃতের ভাগিনা মুরাদ হোসেন অলিল জানান, মরহুমের জানাজার নামাজ আসর বাদ বাজাররোড খাজা মঈনউদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। এরপর মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।