সুদূর নাইজেরিয়া, সোমালিয়া, নেপাল, পাকিস্তান ও ভারতসহ বিশ্বের নানান দেশের শিক্ষার্থী পড়তে আসেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাড়ি দূরে হওয়ায় সব ঈদে বাড়ি যাওয়ার সুযোগ মেলে না তাদের। তাই মোটামুটি ফাঁকা ক্যাম্পাসেই ঈদ উদযাপন করতে হয় ক্যাম্পাসে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদেরকে।
এসব বিদেশি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ঈদের উৎসবে খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হল প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলের সহকারী হল সুপার মো. ওবায়দুল্লাহ সাদ্দাম জানান, প্রতিবছর দুই ঈদেই ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের সকল বিদেশি শিক্ষার্থীদের জন্য হল প্রশাসনের পক্ষ থেকে দুপুরের খাবারের জন্য বিশেষ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হল প্রশাসনের এমন উদ্যোগে খুশি বিদেশি শিক্ষার্থীরাও। তারা বলেন, আমাদের হয়তো পরিবারের সদস্যদের সাথে ঈদ করা হয়না, তবে আমরা এখানে একটি পরিবার পেয়েছি। এই পরিবারের সকলে মিলে আমরা দারুণভাবে ঈদ উদযাপন করতে পারছি।
উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১২০ জন বিদেশী শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে যা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।