কালভার্টের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ স্কুলছাত্রের

মেহেরপুরে কালভার্টের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরের দিকে সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলো-জিসান (১৩) ও বিজয় (১৩)। আর আহত হয়েছেন সাদাত নামে আরেকজন। 

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গার দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুতগতিতে দরবেশপুরে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জিসান ও বিজয়কে মৃত ঘোষণা করেন। সাদাত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’