টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুই বন্ধুসহ ব্যাটারি চালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।
শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, ব্যাটারি চালিত অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫)। তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপর দুই বন্ধু একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭), আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।
নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে বন্ধুরা ১১ জন মিলে ঘুরতে বের হয়েছিল। ওদের অটোরিকশার সঙ্গে বাসের ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে বাসটির ধাক্কা লাগে।’ ঘটনাস্থলে গিয়ে বাসটি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।