ইদানিং সিনেমা-ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও বিশেষ দিবসে একাধিক নাটক-টেলিফিল্ম নিয়ে হাজির হন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই তালিকায় থাকা তার ‘প্রাক্তন’ টেলিফিল্মটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ দুপুর ২টা ১০ মিনিটে। এতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সারিকা। টেলিফিল্মটি রচনা করেছেন সাজিন বাবু এবং পরিচালনা করেছেন সকাল আহমেদ।
গল্পে দেখা যাবে, রবিন আর কাজলের সংসার ভেঙেছে চার বছর হলো। তাদের ঘরে একমাত্র সন্তান রিয়ানা। রিয়ানার বয়স ৬ বছর। রিয়ানা মায়ের কাছেই থাকে। যখন ইচ্ছে হয় বাবা এসে দেখে যায়। যদিও শালিশে সিদ্ধান্ত হয়েছে সন্তান পর্যায়ক্রমে বাবা-মা দু’জনের কাছেই থাকবে। প্রথম প্রথম রবিন তার কাছে নিয়ে রাখতো। এক বছর পর রবিন আবার যখন নতুন করে সংসার পাতে তখন নতুন সংসারে রিয়ানাকে আর নেয়নি। যদিও আগের সংসার সন্তানের কথা সবই জানে দ্বিতীয় স্ত্রী। তবে কাজল এখনও একাই আছে, বিয়ে করেনি।
আইন অনুযায়ী সন্তানের ভরণ পোষণের সকল খরচ রবিনই বহন করে। সন্তানের কারণেই রবিন কাজলের প্রতিমাসেই দেখা হয়, কথা হয়। ধীরে ধীরে ওদের বৈরি সম্পর্কটা শিথিল হতে থাকে। এক পর্যায় সম্পর্কটা বন্ধুত্বে রূপ নেয়। দু’জন দু’জনের সুখ-দুঃখ ভালো-মন্দ শেয়ার করতে থাকে। নতুন সংসারে যে রবিন ভালো নেই সেটাও শেয়ার করতে দ্বিধা করে না। দ্বিতীয় সংসারও যদি ভেঙে যায় মানুষ নানা কথা বলবে নিছক সেই ভয়েই সংসারটা চালিয়ে যাচ্ছে রবিন।
কাজলও সুপাত্র পায়নি বলে নতুন করে আর সংসার পাতা হয়ে ওঠেনি। তাছাড়া সন্তানসহ একটা মহিলার বিয়ে হওয়া আমাদের সমাজে এত সোজা না সেটা হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছে কাজল।