দখল করা পশ্চিম তীরের জেনিন শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (৩ জুলাই) স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোরে জেনিনের বিভিন্ন ভবনে অন্তত চারটি বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর ইসরায়েলি সাঁজোয়া যানের একটি বহর শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হতে দেখা যায়।
জেনিনের ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আকাশ থেকে বোমা বর্ষণ ও ভূমি থেকে আগ্রাসন চলছে। বেশ কয়েকটি বাড়ি ও স্থানে বোমা হামলা চালানো হয়েছে। সব জায়গা থেকে ধোঁয়া উঠছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কমপক্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, তারা একটি 'জয়েন্ট অপারেশন সেন্টারে' হামলা চালিয়েছে। যেখানে বিভিন্ন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের সমন্বয়ে গঠিত জেনিন ব্রিগেডের কমান্ড সেন্টার হিসেবে কাজ করে।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার এবং বিস্ফোরক ডিভাইস জব্দের কথা যানিয়েছে দিয়েছে।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নামে একটি সশস্ত্র গোষ্ঠী বিবৃতিতে বলেছে, জেনিনে আগ্রাসনের জবাবে শত্রুকে (ইসরায়েল) আঘাত করার জন্য সমস্ত বিকল্প পথ খোলা রয়েছে।
ইসরায়েলি বাহিনী উত্তর-পশ্চিম তীরে জেনিনে নিয়মিত অভিযান চালাচ্ছে। সেখানে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদসহ বিভিন্ন গোষ্ঠীর শত শত যোদ্ধা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং বছরের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৭৭ জন ফিলিস্তিনি, ২৫ জন ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছেন।