নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নায়েকপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দিলীপ খান উপজেলার নায়েকপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে।
জানা যায়, দুই দিন আগে নায়েকপুর গ্রামে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওই গ্রামের মুনসুর মিয়ার ছেলে মোস্তাকিম একই গ্রামের আলীম উদ্দিনের ছেলে হাসানকে মারধর করে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার সকালে সালিশে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু সালিশ থেকে ফেরার পথে আবারও দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের শুরু হয়। এতে প্রতিপক্ষের আঘাতে কৃষক দিলীপ খান ঘটনাস্থলেই মারা যান।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তি মারা গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।