নড়াইলে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলাম মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রায়গ্রাম জোড় বাংলা মন্দিরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সিরাজুল ইসলাম রায়গ্রাম মধ্যপাড়ার মোকাদ্দেস মোল্যার ছেলে।
 
জানা যায়, সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্য স্থানীয় আলীগঞ্জ বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী গফফার মোল্যার ছেলে শান্তর সঙ্গে মহব্বতের বাকবিতণ্ডা হয়। মহব্বত বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মহব্বতের বাবা সিরাজুল মোল্যা প্রতিবেশী শান্তকে ডেকে বাকবিতণ্ডার বিষয়ে জানতে চান। এ সময় শান্ত মহব্বতের বাবা সিরাজুল ইসলামের সঙ্গে ফের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে শান্ত ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের নিয়ে লোহার রড, হাতুড়ি ও হকিস্টিক দিয়ে সিরাজুলের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত সিরাজুলকে স্বজনরা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।