কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজির অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক নারী। মঙ্গলবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের শরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শেহাব উদ্দিন (৪৫) ও আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন (৩০)। আহত নারীর নাম ঠিকানা পাওয়া যায়নি।
জানা গেছে, এবিসি সড়কের ধনিয়াকাটা বাজারের দক্ষিণ পাশের তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। দুজন গুরুতর আহত হন। তাদের পেকুয়া সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে একজনসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।