রেস্তোরাঁয় যাওয়ার কথা বলে ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ

রাজধানীর ধানমন্ডিতে রেস্তোরাঁয় যাওয়ার কথা বলে ছাদে নিয়ে এক তরুণীকে (২১) ধর্ষণ করেছেন এক যুবক। গত সোমবার সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এ এম এম সেন্টার বিল্ডিংয়ের ছাদে এ ঘটনা ঘটে। ঐ তরুণী একজন মাদ্রাসাশিক্ষার্থী। গত সোমবার রাতে এ ঘটনায় ঐ তরুণীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি অজ্ঞাতনামা। এদিকে ভুক্তভোগী ঐ তরুণী বলছেন, ধর্ষক ছেলেটির সঙ্গে সোমবার সন্ধ্যায় প্রথম পরিচয় হয়েছে। তবে পুলিশ বলছে ধর্ষক ছেলেটি তরুণীর পূর্বপরিচিত।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, সোমবার রাত ৮টায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ থেকে ফোন দিয়ে জানানো হয়, ধর্ষণের শিকার এক তরুণী চিকিৎসাধীন। এরপর পুলিশ সেখান থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। ওসি আরো জানান, ইতিমধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তবে ছেলের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলা নম্বর-০৪।

ধর্ষকের পরিচয়ের ব্যাপারে ওসি পারভেজ ইসলাম বলেন, ‘ভুক্তভোগী জানিয়েছেন অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার সোমবার পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে রেস্তোরাঁয় খেতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে ছাদে নিয়ে ধর্ষণ করেন। তিনি আসামির নাম বলতে পারেননি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভিকটিম ও আসামি পূর্বপরিচিত বলে মনে হয়েছে। আমরা সব বিষয় খতিয়ে দেখে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।’

মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার বেলা ১১টার দিকে ২১ বছর বয়সি ঐ শিক্ষার্থী বসিলার আটিবাজার এলাকায় তাদের নিজ বাসা থেকে কাজের কথা বলে বের হন। পরে সন্ধ্যায় একটি ফোন নাম্বার থেকে ঐ তরুণীর বাবাকে জানানো হয় তার মেয়ে ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালে এসে তিনি জানতে পারেন, এক যুবক কৌশলে ধানমন্ডি ৩/এ সড়কের ৫৬/এ নম্বরে এএমএম সেন্টার বিল্ডিংয়ের সাততলায় নিয়ে ধর্ষণ করেন তাকে।