চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন

আওয়ামী লীগ প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ছয় জন

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ নির্বাচনে মহিউদ্দিন বাচ্চু ছাড়াও এখন পর্যন্ত নিবন্ধিত তিন দলের প্রার্থী এবং দুই জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। যার ফলে এ আসনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে  চেয়েছিল সাংবিধানিক এ সংস্থাটি। তবে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার পাশপাশি সশরীরে এসে তার মনোনয়নপত্র জমা দেন। 

এনিয়ে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপি দীপক কুমার পালিত মনোনয়ন জমা দিয়েছেন। এই উপনির্বাচনে অংশ নিতে ২৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। 

রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে এখনো পর্যন্ত ছয় জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। 

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত ২ জুন ডা. আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।